
মো. শাহ্ আলম সরকার :
সাভার আশুলিয়ায় কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা সেফটি ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে বহুতল ভবন নির্মাণের সময় ওপর থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। চাঞ্চল্যকর বিষয় হলো, প্রশাসনের কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ দেওয়ার আগেই ভবন মালিক অত্যন্ত সুকৌশলে নিহতের মরদেহ গোপনে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন।
আজ দুপুরে আশুলিয়ার পলাশবাড়ী বাজারের উত্তর পাশে অবস্থিত সাবেক সুপ্রিম ওষুধ কারখানার প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে যেখানে সুপ্রিম ওষুধ কারখানা ছিল, সেখানেই বর্তমানে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে এই বহুতল ভবনটির নির্মাণকাজ চলছিল।
অভিযোগ রয়েছে, এই অবৈধ ও ঝুঁকিপূর্ণ নির্মাণকাজের মূল মালিক আশুলিয়ার পলাশবাড়ী এলাকার পরিচিত বুলবুল সুপার মার্কেটের একজন কাপড়ের দোকানদার। যথাযথ সেফটি গিয়ার (নিরাপত্তা সরঞ্জাম ও বেল্ট) ছাড়াই শ্রমিকদের দিয়ে উচ্চ ঝুঁকিপূর্ণ কাজ পরিচালনা করার কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
দুর্ঘটনার পর পরই বিষয়টি ধামাচাপা দিতে তৎপর হয়ে ওঠেন ভবন মালিক ও তার সহযোগীরা। পুলিশ বা স্থানীয় প্রশাসন ঘটনাটি জানার আগেই তড়িঘড়ি করে নিহত শ্রমিকের মরদেহ তার অভিভাবক ও পরিবারের কাছে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ফলে এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছয়ায় আশুলিয়া জুড়ে নিয়মবহির্ভূতভাবে বহু ভবনের কাজ চলছে, যেখানে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি সম্পূর্ণ উপেক্ষিত থাকে। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অবিলম্বে তদন্ত সাপেক্ষে ভবন মালিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।
Leave a Reply